মুহিব্বুল্লাহ বাবুনগরী হলেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমীর



 

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভারপ্রাপ্ত আমীর হলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী


বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। এর আগে সংগঠনটির প্রধান উপদেষ্টা ছিলেন মহিবুল্লাহ বাবুনগরী। 

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

এর আগে দুপুরে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়।

হাটহাজারী মাদরাসায় জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে। সেখানে রাত ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে হাটহাজারী মাদরাসায় তাকে দাফন করার কথা থাকলেও তা পরিবর্তন করে তার গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগর গ্রামে দাফন করা সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলাদেশের একটি বড় কওমি মাদরাসা এবং হেফাজতে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা। এই মাদরাসা থেকে ২০১০ সালে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু দলটির সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম রাজনৈতিক দলের দিকে মোড় নেয়। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হেফাজতের কমিটিতে যুক্ত হতে থাকেন।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নূর হোসাইন কাসেমী গত ১৩ ডিসেম্বর মারা যান।

পরে চলতি বছরের ৭ জুন জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর রাতে নতুন ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করেন সংগঠনটির বর্তমান মহাসচিব। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ